বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং দেশে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসী ক্লাব। এর অংশ হিসেবে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সামিউর রহমান সায়ীমের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সংগঠনটি। ৭ অক্টাবর (বুধবার) রাজধানীর ধানমন্ডির এআর প্লাজায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে প্রবাসী ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির প্রেসিডেন্ট মো. নিজাম উদ্দিন হৃদয় ও সেক্রেটারি দেলোয়ার মহিন। অন্যদিকে, চিকিৎসক ডা. মো. সামিউর রহমান সায়ীম নিজে চুক্তিপত্রে সেই করেন।

চুক্তির আওতায় প্রবাসী ক্লাবের নিবন্ধিত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছ থেকে বিশেষ সুবিধায় চিকিৎসাসেবা নিতে পারবেন। এ ক্ষেত্রে চিকিৎসকের ভিজিট ফিতে থাকছে ২০ শতাংশ ছাড়। প্রবাসী ক্লাবের বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করা যাবে।

ডা. মো. সামিউর রহমান সায়ীম গ্রীন লাইফ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মধ্যে রয়েছে এমবিবিএস, এফসিজিপি (মেডিসিন), এমপিএইচ (মা ও শিশু স্বাস্থ্য), ডিএফএম (বিএসএমএমইউ) এবং সিসিডি (ডায়াবেটোলজি, বারডেম)। মেডিসিন, ডায়াবেটিস ও শিশুস্বাস্থ্য বিষয়ে তার অভিজ্ঞতা এ উদ্যোগের মাধ্যমে প্রবাসী ক্লাবের সদস্যদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই উদ্যোগের অন্যতম দিক হলো বিদেশে অবস্থানরত সদস্যদের জন্য অনলাইন চিকিৎসাসেবা। প্রবাসীরা নির্ধারিত ফি পরিশোধ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। রোগীর অবস্থা ও চিকিৎসাগত প্রয়োজন বিবেচনায় চিকিৎসক অনলাইন কনসালটেশন এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রেসক্রিপশন দেবেন।

অন্যদিকে, প্রবাসীরা দেশে ফিরলে কিংবা তাদের পরিবারের সদস্যরা দেশে অবস্থানকালে রাজধানীর ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজারে অবস্থিত মনি মেডিকেল কর্নারে চিকিৎসকের চেম্বারে সরাসরি পরামর্শ নিতে পারবেন। এ ক্ষেত্রেও নির্ধারিত শর্ত অনুযায়ী চিকিৎসা ফিতে ২০ শতাংশ ছাড় প্রযোজ্য হবে।

চুক্তি স্বাক্ষর শেষে প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী শ্রমিক ও পেশাজীবীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। কর্মসূত্রে বিদেশে অবস্থান করার সময় অনেক প্রবাসী প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সহযোগিতা পেতে সমস্যায় পড়েন। আবার দেশে থাকা পরিবারের সদস্যদের চিকিৎসা নিয়েও তাদের উদ্বেগ থাকে।

তারা জানান, এ সমঝোতার ফলে প্রবাসীরা বিদেশে বসেই অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যরাও বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। ভবিষ্যতে প্রবাসী ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রবাসী ক্লাবের। 

এমএমএস